বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেরেবাংলা নগরে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে

>> শফিকুর রহমানের ভিসা অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি

>> সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

>> শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: শফিকুর রহমান

>> আওয়ামী লীগ সরকারের আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

>> ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

>> এমপি নুসরাতের বাড়িতে আগুনের ৪–৫টি সম্ভাব্য কারণ, আরও তদন্তের সুপারিশ

>> ১২ ডিসেম্বর কুবিতে নবীনবরণ, থাকছেন নাহিদ-হাসনাতসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

>> পতাকাবাহী বিমান না পেলে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খান

>> বিমানে নয়, প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

শফিকুর রহমানের ভিসা অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি


Sifat Islam Sohag ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৮



শফিকুর রহমানের ভিসা অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে ব্যাখ্যা চেয়েছে কয়েকটি ইহুদি ও হিন্দু সংগঠন। তাঁর অতীতের কিছু বক্তব্য ও জামায়াতের সাবেক নেতাদের ভূমিকার প্রসঙ্গ তুলে সংগঠনগুলো এ সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল সোমবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। একই বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য অস্ট্রেলিয়ান ও টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া যাওয়া শফিকুর রহমান দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন। তবে তাঁর ভিসা অনুমোদনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)।

সংগঠন দুটির অভিযোগ, হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করে তাঁকে বীর হিসেবে উল্লেখ করেছিলেন শফিকুর রহমান। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পরও শোক প্রকাশ করেছিলেন তিনি। এসব বক্তব্যের পাশাপাশি ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করার বিষয়টিও তুলে ধরেছে সংগঠনগুলো।

যৌথ বিবৃতিতে সংগঠন দুটি শফিকুর রহমানের সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে অস্ট্রেলিয়া সরকারকে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের প্রশ্ন, অতীতের এসব বক্তব্য ও অভিযোগ বিবেচনায় নেওয়ার পরও কেন তাঁকে ভিসা দেওয়া হলো এবং অস্ট্রেলিয়া সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ২১ নভেম্বর সিডনিতে আয়োজিত এক মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানায়। সেখানে দেশটির কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি সরকারের ভিসা নীতির সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, অন্য কয়েকজন বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভিসা নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হলেও শফিকুর রহমানের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, তা ব্যাখ্যা করা প্রয়োজন।

অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে বলেন, এ ধরনের ঘটনাকে সমর্থন করা বা নীরব থাকার অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের স্বাগত জানালে অস্ট্রেলিয়ার সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে সিডনির অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন শফিকুর রহমানের ভিসা বাতিলের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে চিঠি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি, জামায়াত আমির অস্ট্রেলিয়ার চরিত্রগত যোগ্যতার শর্ত পূরণ করেন না এবং তাঁর উপস্থিতি সামাজিক সংহতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

সালোমন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি করে আরও বলেন, দেশের জনগণ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। এ ছাড়া টনি বার্কের নির্বাচনি এলাকার সঙ্গে সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে স্বার্থের সংঘাতের অভিযোগও করেছেন তিনি।

ডেইলি মেইল জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।