ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য বরাদ্দ করা ইউরিয়া সারের অর্ধেক অন্যত্র বিক্রি করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে মেসার্স খান এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও সার ডিলার মোমরেজ খান।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ইউরিয়া সার গুদামজাত না করে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। এ অনিয়মের কারণে মেসার্স খান এন্টারপ্রাইজের ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ জানান, প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ করা ৪০০ বস্তা সারের মধ্যে ২০০ বস্তা অবৈধভাবে অন্যত্র বিক্রি করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে সার ব্যবস্থাপনা আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযানও চলবে।