বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ বা সিভিল জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
সহকারী জজ পদে বেতন জাতীয় বেতন কাঠামোর পরিবর্তে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০ হাজার ৯৩৫ টাকা থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা। এর সঙ্গে সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও যোগ্য বিবেচিত হবেন।
শিক্ষাজীবনের পরীক্ষাগুলোতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৬ আগস্ট ২০২৬ দুপুর ১২টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। টেলিটক সংযোগের মাধ্যমে এই ফি ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।
বিজেএস পরীক্ষায় মোট তিনটি ধাপ থাকবে। প্রথমে হবে ১০০ নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষা বা এমসিকিউ। এতে উত্তীর্ণ হতে কমপক্ষে ৫০ নম্বর পেতে হবে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রাথমিক পরীক্ষা অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য থাকবে ১ হাজার নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় গড়ে ৫০ শতাংশ নম্বর পেলে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে।
এরপর নির্বাচিত প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০।
প্রাথমিক, লিখিত ও মৌখিক—তিন ধাপের পরীক্ষাই ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।
আবেদনে আগ্রহী প্রার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।