দীর্ঘ ২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। তবে থাইল্যান্ডে পৌঁছানোর পরই মাতাল অবস্থায় মারামারিতে জড়ানোর অভিযোগে জাহাজটির দুই নাবিককে আবার জাহাজে ফিরিয়ে নেওয়া হয়েছে।
থাই পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাতায়ার ওয়াকিং স্ট্রিট এলাকার একটি পানশালার কাছে ওই দুই মার্কিন নাবিকের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখে জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের ভাষ্য, দুই নাবিকই মদ্যপ অবস্থায় ছিলেন এবং উচ্চস্বরে ঝগড়া করছিলেন। পরিস্থিতি আরও বড় আকার নিতে পারে—এমন আশঙ্কা থেকেই স্থানীয় ব্যক্তি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাটিকে ছোটখাটো বা ‘তুচ্ছ’ ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
পরে ওই দুই নাবিককে পাতায়ার হার্ড রক ক্যাফেতে থাকা যুক্তরাষ্ট্র-থাইল্যান্ড যৌথ অপারেশন সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাদের আবার ইউএসএস আব্রাহাম লিংকনে ফেরত পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, থাইল্যান্ডের কোনো আইন ভঙ্গ না করায় তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে কোনো মামলা করা হয়নি।
দুই নাবিকের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের পাতায়া সফরের বাকি সময়টুকু জাহাজেই থাকতে হবে। প্রায় পাঁচ দিনের এই বন্দর সফর দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর নাবিক ও মেরিনদের বিশ্রামের সুযোগ হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
ইউএসএস আব্রাহাম লিংকনে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন রয়েছেন। রণতরিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়ার পর টানা ২৮৬ দিন সমুদ্রে অবস্থান করে থাইল্যান্ডে পৌঁছেছে।
দীর্ঘ এই মিশন ঘিরে এর আগেও জাহাজটির নাবিকদের খাবার সরবরাহ, অবকাঠামোগত সমস্যা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কয়েকজন নাবিকের পরিবার জাহাজে থাকা অবস্থায় মানসিক সংকটের কথাও জানিয়েছিল। এসব অভিযোগ নিয়ে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বক্তব্যও এসেছে।
এদিকে পাতায়ায় অবস্থানকালে মার্কিন নাবিকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরটি দীর্ঘদিন ধরে পর্যটন ও রাতের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। হাজারো মার্কিন নাবিকের আগমনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীরাও বাড়তি পর্যটক ও আয় নিয়ে আশাবাদী ছিলেন।
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ মিশনের পর থাইল্যান্ড সফরটি নাবিক ও মেরিনদের বিশ্রাম এবং নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ দিচ্ছে। তবে সফরের শুরুতেই দুই নাবিককে জাহাজে ফিরিয়ে নেওয়ার ঘটনা আলোচনায় এসেছে।