বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বন্যা-ভাঙন ঠেকাতে ‘জাদুর ঘাস’ ব্যবহারের পরিকল্পনা সরকারের

>> দিশা সালিয়ানের মৃত্যুতে নতুন মোড়, সিবিআইকে তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টের

>> বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট

>> সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ১০ মৃত্যু, সরকারি সংস্থার গাফিলতি পায়নি তদন্ত কমিটি

>> নাটোরে বৃষ্টির সুযোগে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

>> মেসির ইনস্টাগ্রাম পোস্টে ‘গোট’ বিতর্কের ইতি!

>> হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প

>> নতুন শিক্ষাবর্ষেও স্কুলে ফিরতে আতঙ্কে ফিলিস্তিনি শিশুরা

>> ঢেউয়ের ভাষা বোঝেন তাঁরা, এবার এশিয়ান গেমসে বাংলাদেশের দুই সার্ফার

>> ‘আই উইল সি ইউ এগেইন’—ডেঙ্গুতে হারানো বন্ধুর জন্য ৮ বছরের জাইমার শেষ চিঠি

আপনি পড়ছেন : বিশ্ব

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩২



হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প


ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশ্ন তোলেন, হরমুজ প্রণালি যেহেতু বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করছেন, তাহলে এর নাম ‘ট্রাম্প প্রণালি’ করা যায় কি না।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এর আগে মঙ্গলবার ইরানের কয়েকটি স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। একই সময়ে দক্ষিণাঞ্চলীয় সিরি শহরের একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হওয়ার তথ্যও সামনে এসেছে।

এসব হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়ে থাকে। মার্কিন কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনো উন্মুক্ত এবং এর মধ্য দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করছে। তবে তেলের দাম কমার পরিবর্তে বেড়েছে। অন্যদিকে ইরানের দাবি, প্রণালিটি বন্ধ রয়েছে এবং এর নিয়ন্ত্রণ তাদের হাতে।

এদিকে সৌদি আরব অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে তাদের একটি তেলবাহী জাহাজে ইরানি হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সঙ্গে সমন্বিত পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসও প্রায় নিয়মিতভাবে এই এলাকায় জাহাজে হামলার খবর জানাচ্ছে।

সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি বাজারেও পড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গতকাল দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম বেড়ে ৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর আগে দাম ছিল ৩ ডলারের নিচে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার দাবি রয়েছে। যুদ্ধ শুরুর পর ট্রাম্প ছয় সপ্তাহের মধ্যে সংঘাত শেষ হওয়ার কথা বললেও তা দীর্ঘায়িত হয়েছে। এরপরও তিনি একাধিকবার যুক্তরাষ্ট্রকে বিজয়ী হিসেবে তুলে ধরেছেন।

সমালোচকদের অভিযোগ, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রয়েছে—এমন বার্তা দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। হরমুজ প্রণালির নাম পরিবর্তনের মন্তব্যকেও তারা সেই রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে দেখছেন।

এর আগেও হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য উত্তেজনার সময় কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

হরমুজ প্রণালির নাম বদলের ট্রাম্পের মন্তব্য তাই নতুন করে রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।