বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক সোনা, অসংখ্য গোল ও অ্যাসিস্ট—আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ ক্যারিয়ারের অর্জন যেন এক টুকরো রসিদেই তুলে ধরা হয়েছে। আর সেই রসিদের শেষ লাইনে লেখা হয়েছে—‘গোট ডিবেট সেটেলড’, অর্থাৎ সর্বকালের সেরা কে, সেই বিতর্কের অবসান।
মেসি নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রসিদটির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। সেখানে আর্জেন্টিনার জার্সিতে তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সাফল্যগুলো একের পর এক তুলে ধরা হয়েছে। তবে পোস্টটি মূলত একটি বাণিজ্যিক ব্র্যান্ড ক্যাম্পেইনের অংশ।
রসিদে শুধু শিরোপা বা ব্যক্তিগত অর্জনই নয়, আর্জেন্টিনার হয়ে মেসির প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছে। তাঁর খেলা যেভাবে কোটি কোটি সমর্থককে অনুপ্রাণিত করেছে, পাশাপাশি প্রতিপক্ষের সমর্থকদের হতাশ করেছে—সেটিও প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।
সবশেষে রসিদে থাকা ‘গোট ডিবেট সেটেলড’ বাক্যটি মেসিকে ঘিরে দীর্ঘদিনের একটি আলোচনাকেই সামনে এনেছে। ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে—এই বিতর্কে মেসির নাম যে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হয়, সেটিই যেন এই বার্তার মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে।
পোস্টের ক্যাপশনে মেসি লিখেছেন, দুই দশকের বেশি সময়ের পথচলা, ছয়টি বিশ্বকাপ এবং অগণিত স্মৃতির কথা। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রতিটি ধাপে পাশে থাকার জন্য তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। পোস্টটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিয়ার ব্র্যান্ড মাইকেলব আল্ট্রাকেও ট্যাগ করা হয়েছে।
আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না। বড় কোনো আন্তর্জাতিক শিরোপা না পাওয়ায় একসময় তাঁকে ঘিরে সমালোচনাও ছিল তীব্র। কিন্তু ২০২১ সালের পর সেই চিত্র পুরোপুরি বদলে যায়।
২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা জেতেন মেসি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করে ম্যাচের অন্যতম নায়ক হওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।
এরপর ২০২২ সালে ফিনালিসিমা এবং ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতেন মেসি। ফলে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অর্জনের তালিকা আরও সমৃদ্ধ হয়।
মেসি সর্বকালের সেরা কি না—এই বিতর্ক অবশ্য তাঁর আন্তর্জাতিক সাফল্যের অনেক আগেই শুরু হয়েছিল। ক্লাব ফুটবলে দীর্ঘদিনের অসাধারণ পারফরম্যান্স, ব্যক্তিগত পুরস্কার ও অসংখ্য শিরোপার কারণে তিনি এমনিতেই এই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন।
তবে বিশ্বকাপ জয়ের পর মেসির পক্ষে ‘সর্বকালের সেরা’ বিতর্কে অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করেন তাঁর সমর্থকেরা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই প্রতীকী ‘রসিদে’ মেসির ক্যারিয়ারের অর্জনের পাশে ‘গোট ডিবেট সেটেলড’ লেখা হওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।