রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে চালকেরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রুকন উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি ধানমন্ডিতে যাওয়ার পথে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেল নিয়ে আটকে আছেন। কিন্তু সামনে এগোতে পারছেন না।
আমজাদ হোসেন নামে এক বাসযাত্রী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকেরা যখন-তখন সড়ক অবরোধ করলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয় বলে মন্তব্য করেন তিনি।
অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিনের মধ্যে ঢাকায় অটোরিকশা চলাচল বন্ধ করা হবে—সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদে তাঁরা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।