শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

আপনি পড়ছেন : ঢাকা

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুটপাট, ডিএনসিসি প্রশাসক বললেন—এ ধরনের ঘটনা সরকার চায় না


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৪



মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুটপাট, ডিএনসিসি প্রশাসক বললেন—এ ধরনের ঘটনা সরকার চায় না


রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, এ ধরনের ঘটনা সরকার বা তাঁরাও চান না।

শনিবার রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করার অভিযোগ ওঠে। পরে সেখান থেকে যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী লুট করা হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি ভেঙে ফেলা হয়।

‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সেন্টারটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার। এ ঘটনায় শাহ আলী থানায় মামলাও করা হয়েছে।

স্থানীয় বিএনপির দুটি পক্ষ দীর্ঘদিন ধরে জায়গাটি দখলের চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের সঙ্গে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, মামলা হয়েছে এবং বিভিন্ন ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জায়গাটি নিয়ে কোনো পক্ষের আইনি বিরোধ থাকলে তা আদালতের মাধ্যমে সমাধান করতে হবে বলেও জানান তিনি। কোনো স্থাপনা বা জায়গা নিয়ে বিরোধ থাকলেও ভাঙচুর করে তা দখল করা যাবে না।

ভাঙচুরের পরও সেখানে টিকাদান কর্মসূচি চালু রয়েছে জানিয়ে প্রশাসক বলেন, সংশ্লিষ্টরা তাঁদের কার্যক্রম চালিয়ে যাবেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।