নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পরও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের অসন্তোষ কাটেনি। মজুরি পুনর্মূল্যায়ন, গ্রেড উন্নীতকরণ এবং ছুটির পূর্ণ অর্থ পরিশোধসহ বিভিন্ন দাবিতে ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ পরিস্থিতিতে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে চাষাঢ়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা। তাঁদের দাবি, বকেয়া সার্ভিস বেনিফিটের অর্থ পরিশোধ করতে হবে।
পরিস্থিতি বিবেচনায় চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতনে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি। তাঁর মতে, নির্ধারিত মজুরি বাস্তবসম্মত নয়। শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি পুনর্মূল্যায়ন করে আরও বাড়ানোর দাবি জানান তিনি।
তবে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলাকে সমর্থন করেন না বলেও জানান এম এ শাহীন। তিনি বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের পক্ষে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে জ্যেষ্ঠ ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নীত করা, ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ এবং দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তন।
তিনি আরও জানান, আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট কারখানাটি বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে উপস্থিত নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।