রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ এবং কার্যালয়ে দালালদের তৎপরতা নিয়ন্ত্রণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএর ঢাকা মেট্রো-১ সার্কেলের মিরপুর-১৩ কার্যালয় প্রাঙ্গণে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। আদালত-৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত এ কার্যক্রম পরিচালনা করে।
অভিযানে আটক চারজনের মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. শাওন, মো. ইউসুফ মল্লিক, মো. আবুল কালাম ও মো. আশিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, বিআরটিএ কার্যালয়ে আসা সেবাপ্রার্থীদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কাগজপত্র ও অর্থ নিয়ে চলে যাওয়ার অভিযোগ ছিল একটি চক্রের বিরুদ্ধে। এ ধরনের প্রতারণার কারণে সেবাগ্রহীতাদের ভোগান্তিতে পড়তে হতো বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও জানান, সেবাপ্রার্থীদের হয়রানি কমানো এবং বিআরটিএ কার্যালয়ে দালালদের তৎপরতা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।