পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির সমাবেশস্থল, প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একদল মানুষকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে এবং সেখানে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় সেখানে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। তাঁদের বাধার মুখে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে ধারাবাহিক বিস্ফোরণের পর বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
এরপর এক্সপ্রেসওয়েতে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করার নির্দেশ দেওয়া হচ্ছিল বলেও জানা গেছে।
অবরোধের কারণে একপর্যায়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে যানবাহন আটকা পড়ে।
ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে—এমন খবর পেয়ে পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। পর্যাপ্ত পুলিশ সদস্যও মোতায়েন ছিলেন। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রাণহানি ছাড়াই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তাঁর হিসাবে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সূত্রের হিসাবে অবরোধে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হলেও পুলিশের বক্তব্যে সময় উল্লেখ করা হয়েছে প্রায় ৪৫ মিনিট।