রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এর আগে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সম্প্রতি মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তাঁর সরাসরি সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন ছিল এবং তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকারের পক্ষ থেকেও তদন্তের কথা জানানো হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়। একই সঙ্গে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির ভূমিকা নিয়েও দলের ভেতরে আলোচনা শুরু হয়।
এদিকে পদত্যাগের নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এর মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্বের অবসান হলো।