ফেনীতে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মাফুজুর রহমান ইমন (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পর সদর উপজেলার ফতেহপুর এলাকায় সড়কের পাশে তার বাবার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি মাফুজুরের।
মাফুজুর ফেনী শহরের ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার মো. শহীদুল ইসলাম সুজনের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তার জন্য মাঝে মাঝে বাবার অটোরিকশা চালাত সে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসার পড়াশোনা শেষে বাড়িতে ফেরে মাফুজুর। পরে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাইরে বের হয়। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা।
জিডির পর পুলিশ অনুসন্ধানে নামে। একপর্যায়ে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় সড়কের পাশে অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে অটোরিকশাটিতে ব্যাটারি ছিল না এবং মাফুজুরেরও কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মাফুজুরের বাবা শহীদুল ইসলাম জানান, তার ছেলে পড়াশোনার পাশাপাশি প্রায় প্রতিদিন বিকেলে অটোরিকশা চালিয়ে পরিবারের কাজে সহযোগিতা করত। সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় থানায় জিডি করেছেন তিনি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করেছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।