গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে মো. মাহমুদুর রহমান সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ঘটনার পর থেকে থানার নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন ওসির যোগদানকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম পুরোপুরি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
নবাগত ওসি মো. মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। বিভিন্ন থানা ও পুলিশি ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, এর আগে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন।