প্রস্তাবিত বরিশল উপজেলায় মাছিহাতা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ চলে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে মহানগর প্রভাতী ও কালনি এক্সপ্রেস। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে পৃথক করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে বরিশলকে উপজেলা করার প্রস্তাব দেওয়া হয়। এ পরিকল্পনার অংশ হিসেবে সদর উপজেলার মাছিহাতা, বাসুদেব ও সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে সমাবেশ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকা পড়ে।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার এবং মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা।
বক্তারা দাবি করেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে মাছিহাতা, বাসুদেব ও সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে বলেও তাঁরা জানান।
তবে এই পরিকল্পনার বিরোধিতা করে বক্তারা বলেন, কোনোভাবেই মাছিহাতা ইউনিয়নকে বরিশল উপজেলার সঙ্গে যুক্ত করতে দেওয়া হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।