বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, কলম্বিয়া, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দিতে যান। পরে কয়েকটি এলাকার শ্রমিকেরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যানবাহন চলাচল শুরু হয়।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক পোশাক কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তিনি জানান, মঙ্গলবার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।