ফেনীর দাগনভূঞা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে দুই লাখ টাকা আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনি।
বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে সনি দাবি করেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং তাঁর ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক করার ভয় দেখিয়ে ওসি তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেন। জামিনে মুক্ত হওয়ার পরও তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হতো বলে অভিযোগ করেন তিনি।
সনির ভাষ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর রাতে পুলিশ তাঁকে বাসা থেকে থানায় নিয়ে যায়। প্রথমে ডিউটি অফিসারের কক্ষে রাখা হলেও পরে ওসি তাঁকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে কি না, তা জানতে যোগাযোগ করা হয়।
সনি অভিযোগ করেন, ওই সময় সাংবাদিক হাসনাত আবদুল্লাহ তুহিন তাঁকে একাধিক মামলায় কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে টাকা দাবি করেন। প্রথমে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বললেও পরে ৫০ হাজার টাকা চাওয়া হয় বলে দাবি করেন তিনি।
পরদিন সকালে ওসি ও ওই সাংবাদিক আবারও টাকা দাবি করেন বলে সংবাদ সম্মেলনে জানান সনি। তাঁর অভিযোগ, তখন তিন লাখ টাকা চাওয়া হয় এবং এর মধ্যে এক লাখ টাকা পুলিশ সুপারকে দিতে হবে বলেও তাঁকে জানানো হয়।
সনি আরও দাবি করেন, টাকা দিতে না পারায় তাঁকে আদালতে পাঠানো হচ্ছিল না। একপর্যায়ে ওসি তাঁর হাত ধরার চেষ্টা করেন। এ সময় তিনি আপত্তি জানান। পরে তাঁর বোন থানায় গেলে তাঁর কাছেও খারাপ আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন তিনি।
সনির দাবি, একপর্যায়ে তাঁর বোন সাংবাদিক তুহিনের হাতে দুই লাখ টাকা দেন। এরপর তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। থানা থেকে ফেরার পর তাঁর ছেলেকেও টাকা দেওয়ার বিষয়টি কাউকে না জানাতে বলা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া সাংবাদিক তুহিন তাঁর বোনের কাছে বারবার টাকা দাবি করতেন এবং ওসি তাঁকে নিজের বাংলোয় যাওয়ার জন্য চাপ দিতেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তাঁর দাবি, ওই নারী একজন আসামি এবং নিষিদ্ধ সংগঠনের নেত্রী। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ওই নারী নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।
এর আগে তাসকিরা অমিন সনি ও ওসি ফয়জুল আজিম নোমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সনিকে ওসির বাংলোয় ডাকার বিষয়সহ টাকা লেনদেন ও পুনরায় অর্থ দাবির কথোপকথন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সংবাদ সম্মেলনে তোলা অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের ফল এখনো জানা যায়নি।