কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল র্যালির আয়োজন করে এনসিপি। র্যালির আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে। বর্তমানে দেশের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি গণভোটের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে দেশটি।