মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিলেট বিআরটিএতে ৩ হাজার ৭০০ টাকার বিনিময়ে গাড়ির ফিটনেস নবায়নের অভিযোগ

>> জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ: চিফ প্রসিকিউটর

>> ‘শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েও বিভ্রান্তিতে ছিলাম’: জুলকারনাইন সায়ের

>> মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত উপজেলায় যুক্ত করার প্রতিবাদে রেলপথ অবরোধ

>> শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা ‘ব্লাফ’: শফিকুল আলম

>> ‘আসো, খাঁচা আর দড়ি প্রস্তুত আছে’: শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ মাহমুদ

>> হাসিনার জন্য রাষ্ট্রীয় বিমান চাওয়ার দাবি উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

>> নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ

আপনি পড়ছেন : রাজনীতি

‘শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েও বিভ্রান্তিতে ছিলাম’: জুলকারনাইন সায়ের


Sifat Islam Sohag ২৪ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৩২



‘শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েও বিভ্রান্তিতে ছিলাম’: জুলকারনাইন সায়ের


আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এতদিন শেখ হাসিনা জীবিত আছেন কি না, তা নিয়েও তিনি বিভ্রান্তিতে ছিলেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘ফ্র্যাংকলি, এতদিন আমি নিজেও বেশ কনফিউজড ছিলাম। হাসিনা কি বেঁচে আছেন, নাকি ঘাড়ধাক্কা খেয়ে গদি থেকে পড়ে, তারপর লাথি খেয়ে দেশছাড়া হওয়ার শোক সইতে না পেরে পরলোকে পাড়ি জমিয়েছেন?’

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর মতে, দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তে টানেল খননের সম্ভাবনা যাচাই করা হতে পারে, অথবা বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমান সংস্থার উড়োজাহাজে দেশে ফেরার বিকল্প পরিকল্পনা থাকতে পারে।

পোস্টে জুলকারনাইন সায়ের দাবি করেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি তাঁকে এমন পরিস্থিতির মধ্যে রেখেছেন, যেখানে তিনি এখনো নিজেকে ক্ষমতাসীন মনে করছেন। এ প্রসঙ্গে তিনি শেখ সেলিম, শেখ হেলাল, তন্ময়, নিক্সন, লিটন, শেখ মারুফ, তাপস ও পরশসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। পাশাপাশি নানক, নাসিম, ওবায়দুল কাদের, সম্রাট ও জাহাঙ্গীরের কথাও তুলে ধরেন।

তিনি আরও দাবি করেন, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে শেখ হাসিনাকে যুক্ত রেখে দেশে বিপুলসংখ্যক কর্মী প্রস্তুত থাকা, চট্টগ্রাম নিয়ন্ত্রণে নেওয়া কিংবা বিমানবন্দর দখলের মতো নানা তথ্য দেওয়া হচ্ছে। এসব দাবির বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জুলকারনাইন সায়েরের ভাষ্য অনুযায়ী, এসব কথাবার্তার কারণে শেখ হাসিনা দেশে ফেরার স্বপ্ন দেখছেন। তাঁর বর্তমান রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্র হিসেবেও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা উল্লেখ করেন এই সাংবাদিক।

পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, ১৬ ডিসেম্বর বিমানে দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা একদিক থেকে ভালোই করেছেন। তবে এর কারণ কী, তা ১৭ ডিসেম্বর লিখবেন বলেও জানান তিনি।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা চেয়েছেন তিনি।