বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

>> সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আপনি পড়ছেন : জীবনযাত্রা

উবারে ৩ হাজার ৩০০ কর্মী ছাঁটাই, মহামারির পর সবচেয়ে বড় কর্মী সংকোচন


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৮



উবারে ৩ হাজার ৩০০ কর্মী ছাঁটাই, মহামারির পর সবচেয়ে বড় কর্মী সংকোচন


রাইড শেয়ারিং জায়ান্ট উবার বিশ্বজুড়ে তাদের করপোরেট কর্মীর প্রায় ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রায় ৩ হাজার ৩০০ কর্মী চাকরি হারাবেন। করোনা মহামারির পর এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় কর্মী ছাঁটাই।

বুধবার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খসরোশাহী ছাঁটাইয়ের বিষয়টি জানান। তাঁর ভাষ্য, প্রতিষ্ঠানের কাঠামো আরও সহজ করা, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানো এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করতেই এই পুনর্গঠন করা হচ্ছে।

গত কয়েক বছরে উবারের ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে। নতুন পণ্য ও সেবা যুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন বাজারে কার্যক্রমও বেড়েছে। তবে এর সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অতিরিক্ত স্তর ও সমন্বয়ের প্রয়োজন তৈরি হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এই জটিলতা কমাতে একাধিক ছোট দল একীভূত করা হচ্ছে। এক বা দুই সদস্যের ‘মাইক্রো-টিম’ প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে। ব্যবস্থাপনার স্তর কমিয়ে কর্মীদের আরও সরাসরি ব্যবসা ও পণ্য উন্নয়নের কাজে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

পাশাপাশি অফিসে কাজের নিয়মও আরও কঠোর করছে উবার। প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ কর্মীকেই অফিসে বা নির্ধারিত কর্মস্থল থেকে কাজ করতে হবে। পুরোপুরি দূরবর্তীভাবে কাজের সুযোগ পাবেন ১ শতাংশেরও কম কর্মী। হাইব্রিড কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে।

কর্মী কমানোর পাশাপাশি স্বয়ংক্রিয় যানবাহন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে উবার। বিশেষ করে চালকবিহীন গাড়ি বা ‘রোবোট্যাক্সি’ খাতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে ভবিষ্যৎ পরিবহন বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।

স্বয়ংক্রিয় গাড়ির বিস্তারের ফলে প্রচলিত রাইড শেয়ারিং ব্যবসায় নতুন ধরনের প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তাই এই প্রযুক্তিকে উবারের ভবিষ্যৎ ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

খাবার সরবরাহের ব্যবসাতেও প্রতিযোগিতা বাড়ছে। ডেলিভারি খাতে অবস্থান শক্তিশালী করতে জার্মান প্রতিষ্ঠান ডেলিভারি হিরো অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে উবার। এর মাধ্যমে ডোরড্যাশসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে তারা।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করা উবার বর্তমানে বিশ্বের বহু দেশে কার্যক্রম পরিচালনা করছে। ২০২৫ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটিতে প্রায় ৩৪ হাজার কর্মী ছিল বলে কোম্পানির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

করোনা মহামারির সময় ২০২০ সালে উবার প্রায় ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছিল। এবারের প্রায় ৩ হাজার ৩০০ কর্মীর ছাঁটাই সেই সময়ের পর প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় কর্মী সংকোচন হিসেবে বিবেচিত হচ্ছে।