শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে

>> রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজন অব্যাহতি

>> বাসে ৫ থেকে ১০ টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ

>> সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

>> সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

>> ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিল

>> ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের

>> যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে: সিলেটে বিএনপি নেতা

>> তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার

আপনি পড়ছেন : জাতীয়

জ্বালানি ও আইনশৃঙ্খলা সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের তাগিদ


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:৪৪



জ্বালানি ও আইনশৃঙ্খলা সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের তাগিদ


দেশে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিশেষ করে আমদানিনির্ভর জ্বালানি নীতির কারণে দেশে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও আগের সরকার দেশের নিজস্ব গ্যাসসহ জ্বালানি সম্পদ উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

জহির উদ্দিন স্বপনের ভাষ্য, অতীতের জ্বালানি নীতির পেছনে শুধু দুর্নীতি বা আর্থিক স্বার্থ নয়, দীর্ঘমেয়াদি অব্যবস্থাপনাও কাজ করেছে। বর্তমান সরকার জ্বালানি আমদানির বিকল্প উৎস খোঁজার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ জ্বালানি সম্পদ ব্যবহারের সম্ভাবনা নিয়েও কাজ করছে বলে জানান তিনি।

আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও বিচারব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ‘নারীপক্ষ’-এর প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক। তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। একটি সরকারের মাত্র ১৮০ দিনের কর্মকাণ্ড দিয়ে পুরো মেয়াদের সাফল্য-ব্যর্থতা বিচার করা কঠিন হলেও মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার বন্ধে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও মন্তব্য করেন শিরীন পারভীন হক। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ঘিরে সংঘটিত সহিংসতা ও অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত দুর্বলতা কাটিয়ে ওঠা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

আইনশৃঙ্খলা ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সদিচ্ছার পাশাপাশি সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং জনগণের কাছে সরকারের কার্যক্রম যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন অধ্যাপক মামুন আহমেদ। অতীতের দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র প্রকাশের পাশাপাশি সুনির্দিষ্ট সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে সংসদকে কার্যকর আলোচনা ও জবাবদিহির প্রধান ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বর্তমান সরকারকে পরিবর্তন ও সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তবে প্রশাসনে অতিরিক্ত আমলাতান্ত্রিক প্রভাব কমানো এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, মেধাবী তরুণদের একটি অংশ প্রকৌশল ও চিকিৎসার মতো পেশার বদলে পুলিশ বা প্রশাসনে যাওয়াকে বেশি আকর্ষণীয় মনে করছেন। ক্ষমতা ও অর্থের প্রতি অতিরিক্ত আকর্ষণের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নাগরিক ও নৈতিক শিক্ষার ওপর জোর দেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিরোধী দলের রাস্তায় নামার মতো যথেষ্ট কারণ তৈরি হয়নি। রাজনৈতিক ও জাতীয় সমস্যাগুলো সংসদে আলোচনা করে সমাধানের চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই। ব্যাংকিং ও জ্বালানি খাতকে শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধনের পাশাপাশি সংসদীয় কমিটিগুলোকে আরও ক্ষমতাবান ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেন তিনি।

চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ন্থের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এ কে এম ওয়ারেসুল করিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম হায়দারসহ অন্যরা।