পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বন বিভাগের বনায়নের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেত্রীর ভাই ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেনু আক্তারের ছোট ভাই শাহিন হাওলাদার। তাঁর বিরুদ্ধে বন বিভাগের বনায়নের গাছ কেটে জমি দখলের চেষ্টা এবং বন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ করা হয়েছে।
গত শনিবার গলাচিপা থানায় জিডিটি করেন গলাচিপা উপজেলা ডেপুটি রেঞ্জার ও চরআগস্তি বনায়নের বিট কর্মকর্তা আবদুর বারীক।
জিডিতে উল্লেখ করা হয়েছে, চরবিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস এলাকায় ২০১৫-১৬ অর্থবছরে ৭৫ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনায়ন করে বন বিভাগ। অভিযোগ রয়েছে, সম্প্রতি ওই বনের কেওড়া, শৈলা, গেওয়া ও বাইনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে।
বন বিভাগের দাবি, গত শুক্রবার বিকেলে শাহিন হাওলাদার ও তাঁর সহযোগীরা ওই এলাকায় গিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০টি গাছ কেটে ফেলেন। বন বিভাগের হিসাবে এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ ছাড়া বন বিভাগের অভিযোগ, গাছ কাটার পাশাপাশি খননযন্ত্র দিয়ে মাটি কেটে বাঁধ নির্মাণ করে প্রায় ২০০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বন কর্মকর্তা আবদুর বারীক বলেন, উপড়ে ফেলা গাছগুলোর বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার ও মাটি কাটার কাজ বন্ধ করতে বলেন। তাঁর অভিযোগ, এ সময় শাহিন হাওলাদার বাধা উপেক্ষা করে বন কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত আচরণ করেন এবং ভয়ভীতি দেখিয়ে তাঁদের সেখান থেকে চলে যেতে বলেন।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের জানানো হয়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে শাহিন হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। কয়েক দিনে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কখনো ফোন বন্ধ পাওয়া যায় এবং কয়েকবার রিং হলেও তিনি কল গ্রহণ করেননি। খুদে বার্তার মাধ্যমেও বক্তব্য চাওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়দের ধারণ করা একটি ভিডিওতে শাহিন হাওলাদারকে ওই জমি নিজের বলে দাবি করতে দেখা গেছে। ভিডিওতে তাঁর সঙ্গে বন কর্মকর্তা আবদুর বারীক ও অন্য বনকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় করতেও দেখা যায়।
অভিযোগ অস্বীকার করেছেন রেনু আক্তার। তিনি জানান, কয়েক দিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং বন বিভাগের গাছ কেটে তরমুজখেত তৈরির বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
গলাচিপা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী বলেন, দক্ষিণ চরবিশ্বাস এলাকায় বন বিভাগের বনায়ন রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই বনায়ন ক্ষতিগ্রস্ত করে সেখানে তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।