কক্সবাজারের মহেশখালীতে অটোরিকশায় করে অস্ত্রের চালান নেওয়ার সময় আটটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে মহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ রোববার দুপুরে মহেশখালী থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া (৩৪)। তাঁদের কাছ থেকে একটি রাইফেল, ছয়টি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পুলিশ জানতে পারে, ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ জেটিঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অস্ত্রের একটি চালান চকরিয়ার বদরখালী এলাকায় নেওয়া হবে। খবর পেয়ে ঠাকুরতলা চৌরাস্তা এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়।
পুলিশের দাবি, অটোরিকশাটি সেখানে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে অটোরিকশা থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।
পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সুলতান জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অটোরিকশা থেকে নেমে পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।