রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করা পোশাকশ্রমিকরা অবস্থান ছেড়ে দিয়েছেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং বকেয়া মজুরি পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁরা আন্দোলনে নামেন।