ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জেরুজালেমের জনপ্রিয় নৈশ বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এ ঘটনা ঘটে।
শুক্রবার ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে বাজারটিতে যান নেতানিয়াহু। এ সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারা হয়।
ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা ভিড়ের মধ্যে বোতল নিক্ষেপকারী ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করেন।
তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।