জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন করে এই পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন কয়েকজন নেতা, তাঁদের মধ্যে রয়েছেন সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু।
শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও পুনর্গঠিত পর্ষদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পুনর্গঠনের পর রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। এর আগে এই ফোরামে সদস্য ছিলেন ১০ জন।
নতুন পর্ষদে রয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পর্ষদে রয়েছেন।
পর্ষদের অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
এ ছাড়া রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন এবং সালেহ উদ্দিন সিফাতকে।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে রাজনৈতিক পর্ষদ এনসিপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে।