রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ গবেষক জারিফ

>> জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ

>> কক্সবাজারে সংরক্ষিত বনের ভেতর ১৮ ফুট সড়ক নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে বন ও জীববৈচিত্র্য

>> কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ও রয়েছেন

>> সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ, তদন্ত ও গ্রেপ্তারের দাবি এবি পার্টির

>> যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় ও বৃষ্টি, নিহত ১; বিদ্যুৎহীন হাজারো মানুষ, বাতিল বহু ফ্লাইট

>> শাবিপ্রবিতে ছাত্রলীগের নামে হল কমিটির বিজ্ঞপ্তি, রাতে ছাত্রদলের বিক্ষোভ

>> এআই দিয়ে কর্মকর্তাদের কণ্ঠ নকল করে ইতালির ব্যাংক থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো জালিয়াতি

>> উখিয়ার আশ্রয়শিবিরে দুই অটোরিকশার সংঘর্ষ, রোহিঙ্গা যুবক নিহত

>> গুলিস্তানে জাসদের কার্যালয়ে পুলিশের অভিযান, আটক অনেকে

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ও রয়েছেন


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৯



কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ও রয়েছেন

 


কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার রাত থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চারজন সক্রিয় সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) রয়েছেন, যাকে পুলিশ গ্রুপটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে উল্লেখ করেছে।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও উঠতি বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলো চিহ্নিত করে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রত্যেকের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ৩৭ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে চারজনকে কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে দাবি করেছে পুলিশ। চারজনই রতন গ্রুপের সদস্য বলে জানিয়েছে তারা।

আটক আনিসুর রহমান আনিক নগরের ছোটরা মফিজাবাদ কলোনি এলাকার বাসিন্দা। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি রতন গ্রুপের কথিত প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগনে। রতন বর্তমানে আত্মগোপনে থাকায় আনিক গ্রুপটির কার্যক্রম পরিচালনা করছেন বলে দাবি পুলিশের।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কিশোর গ্যাংয়ের আড্ডা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে আনিকসহ চারজনকে কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি যুক্ত বলে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, আনিক বর্তমানে রতন গ্রুপ বা আর স্কোয়াডের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।

পুলিশ আরও জানিয়েছে, ২০২২ সালে কিশোর গ্যাং সদস্যদের মাধ্যমে সংঘটিত একটি হত্যা মামলায় আনিক এজাহারভুক্ত আসামি ছিলেন এবং ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে আবার গ্যাংয়ের কর্মকাণ্ডে যুক্ত হন বলে পুলিশের দাবি।

শনিবারের অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ছিনতাই, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবার পরিচয় ও আগের অপরাধের তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবারও কুমিল্লার ১৮টি থানায় একই ধরনের অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সম্প্রতি ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর বিষয়টি আবারও আলোচনায় আসে।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে অভিযুক্ত ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর একজনকে হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাংগুলোর মধ্যে রতন গ্রুপ বা আর স্কোয়াডের নামও বিভিন্ন সময়ে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রায় এক দশক ধরে নগরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আলোচনার সময় গ্রুপটির নাম উঠে এসেছে।