সড়কে নিরাপদে চলাচল, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনের মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালায় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে প্রশিক্ষকদের বক্তব্য শোনে এবং বিভিন্ন সচেতনতামূলক ভিডিওচিত্র দেখে সড়ক নিরাপত্তা সম্পর্কে ধারণা লাভ করে। অনুষ্ঠান শেষে অনেক শিক্ষার্থী প্রশিক্ষকদের কাছে সড়কে চলাচল ও ট্রাফিক আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থাপিত পরিস্থিতি নিয়েও তারা নিজেদের মতামত ও প্রশ্ন তুলে ধরে।
কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ চলাচলের নিয়মও জানতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেকের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মুজিবুর রহমান, পরিবহনব্যবস্থা বিশ্লেষক ও সাংবাদিক পার্থ সারথি দাস এবং মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক শাখাওয়াৎ হোসেন।
শিক্ষার্থীদের সামনে সড়ক পারাপারসহ নিরাপদে চলাচলের বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক ভিডিওচিত্র উপস্থাপন করেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল নোমান ও মাহবুবুর রহমান। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি নাহিদ হোসেন মাগফি এবং নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধি মো. কামরুজ্জামান।
কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়াতে বিআরটিএ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মিরপুরের কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।