বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, পুলিশ-বিজিবি-আনসারসহ আহত ১২

>> নতুন মজুরিতেও অসন্তোষ, নারায়ণগঞ্জে সড়ক অবরোধে পোশাকশ্রমিকেরা

>> বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির, রুমিন ফারহানার অবস্থান ভিন্ন

>> গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে: রাশেদ খাঁন

>> ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিকদের অবরোধ-সংঘর্ষে আহত ১১

>> শেরেবাংলা নগরে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে

>> শফিকুর রহমানের ভিসা অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি

>> সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

>> শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: শফিকুর রহমান

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, পুলিশ-বিজিবি-আনসারসহ আহত ১২


Sifat Islam Sohag ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:০৪



গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, পুলিশ-বিজিবি-আনসারসহ আহত ১২


গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে হামলা ও ইটপাটকেলের আঘাতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ২টার মধ্যে সালনা, নাওজোড়, ছয়দানা ও গাজীপুরা এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সকাল থেকে আন্দোলনে নামেন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এ দাবিতে জেলার বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। আন্দোলনের কারণে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শিল্পাঞ্চল পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার অর্ধশতাধিক কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে সালনা এলাকায় শ্রমিকদের আন্দোলনে কয়েকজন বহিরাগত যোগ দেন। একপর্যায়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন গুরুতর আহত হন।

পরে পুলিশের অন্য সদস্যরা তাঁদের উদ্ধার করেন। উন্নত চিকিৎসার জন্য এসআই মঞ্জুরুল ইসলামকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এএসআই মোশারফ হোসেনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় সড়কে ইটের ব্লক ফেলে অবরোধ করেন শ্রমিকেরা। পুলিশ তাঁদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটের আঘাতে পুলিশের পাঁচ সদস্য আহত হন।

সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় কলম্বিয়া কারখানার সামনে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে বিজিবির তিন সদস্য আহত হন।

বেলা দেড়টার দিকে গাজীপুরা এলাকায় আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। সেখানে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পড়ে গিয়ে আনসারের দুই সদস্য আহত হন। তাঁদের উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তিনিও অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকেই কমবেশি আহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক ও বহিরাগতদের হামলা এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাঁদের সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, দুপুরের পর গাজীপুরে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।