গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর জেলার বিভিন্ন সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর সংস্কারকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে স্থগিত রয়েছে ট্রেন চলাচল, উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ। এতে জেলার উন্নয়নের জন্য নির্ধারিত প্রায় ৫০০ কোটি টাকার অর্থ অনিশ্চয়তার মুখে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় বিএনপি নেতারা ইঙ্গিত দিয়েছেন।
গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী এলাকার সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিমের দাবি, পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এগুলো সাময়িক পদক্ষেপ। পরিস্থিতি স্বাভাবিক হলে নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম আবারও চালু হবে।
তবে রাজনৈতিক সহিংসতার প্রভাব পুরো জেলার সাধারণ মানুষের ওপর পড়া কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। কিন্তু প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম বন্ধ থাকলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ভোগান্তিতে পড়বেন।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবারও গোপালগঞ্জে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে।
জেলার পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বিবিসি বাংলাকে জানান, জনসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত সপ্তাহে গোপালগঞ্জে টানা দুই দিনের সহিংসতায় টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িঘরের পাশাপাশি টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, আপাতত মুকসুদপুর থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত থানা পুনরায় চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর কাজ করছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে স্বাভাবিকভাবে থানা পরিচালনার পরিবেশ নেই।
সহিংসতার পর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলার সঙ্গে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগও বন্ধ রয়েছে। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।
গোপালগঞ্জের স্টেশন মাস্টার রত্না বৈদ্য জানান, নতুন করে ট্রেন চালুর সিদ্ধান্ত হলে তাঁকে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাদের আশঙ্কা, চলতি মাসের শেষ দিকে আওয়ামী লীগের কর্মসূচি এবং ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা দেখা দিতে পারে। এ আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানা ভবনসহ সরকারি স্থাপনাগুলোর সংস্কারকাজ আপাতত শুরু করা হচ্ছে না বলে তাঁদের বক্তব্যে উঠে এসেছে।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের মতে, ট্রেন ও স্টেশনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ধরনের পদক্ষেপকে কেন্দ্র করে সাধারণ মানুষের নাগরিক সেবা ও অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, সে প্রশ্নও সামনে এসেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এক ধরনের দ্বিধার মধ্যে রয়েছে। তবে সহিংসতা মোকাবিলার নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যাতে সাধারণ মানুষের নাগরিক অধিকার ও প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হয়।