শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

>> শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু

>> আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

>> আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্বল হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

>> ‘কোনো কিছুর বিনিময়ে অবস্থান পরিবর্তন করব না’: জামায়াত আমির

>> চুয়াডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

>> গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন মাহমুদুর রহমান

>> কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

>> চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

>> আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৭



শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু


নাটোর-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সহিংস কর্মকাণ্ড আর দেশের মাটিতে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

দেশের যেকোনো অপশক্তির কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান হুইপ দুলু।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বেপারী।

বক্তব্যে দুলু বলেন, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বললেও সেটি একটি নাটক হতে পারে। তাঁর দাবি, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে এবং তিনি বাংলাদেশের বিচারে দণ্ডিত। তাঁকে ভারতের কাছ থেকে আইনগত প্রক্রিয়ায় ফিরিয়ে এনে সাজা কার্যকরের বিষয়ে জোর দেন তিনি।

দুলুর অভিযোগ, দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের অনিশ্চয়তার মধ্যে ফেলছেন। শেষ পর্যন্ত দেশে না ফিরলে নেতাকর্মীরা আবারও হতাশ হবেন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হুইপ বলেন, দীর্ঘ দেড় দশকে দলটি দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। তাঁর অভিযোগ, লুটপাটের কারণে অর্থনীতি, ব্যাংক ও শিল্পকারখানাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাচার করা অর্থ ব্যবহার করে দেশে আবারও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের প্রসঙ্গ তুলে দুলু বলেন, দীর্ঘ সময় সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল। ডিজিটাল আইনের মতো বিভিন্ন আইনের মাধ্যমে সত্য প্রকাশে বাধা দেওয়া এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী ও তারেক রহমান কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে দুলু অভিযোগ করেন, এসব এলাকায় থানা, উপজেলা পরিষদ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগসহ সহিংস কর্মকাণ্ড ঘটেছে। তবে বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর আহ্বানে স্থানীয় সংসদ সদস্য ও সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান।

আগামী ১৬ ডিসেম্বর ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান দুলু। তিনি বলেন, নিজ নিজ এলাকায় পাহারা দিয়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সবশেষে দুলু বলেন, জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত কোনো শক্তি অতীতে ফিরে আসতে পারেনি, ভবিষ্যতেও আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সুযোগ নেই বলে তিনি মনে করেন।