জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর এবং জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো কিছুর বিনিময়ে তাঁরা নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাঁদের এবং সরকারের বক্তব্য একই ছিল। কিন্তু সরকার গঠনের পর দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণ জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন। এ পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের দাবি জানান তিনি। তাঁর ভাষ্য, গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজনৈতিক ঐক্য দুর্বল হয়ে পড়বে। দেশে পুরোনো ফ্যাসিবাদ কিংবা নতুন কোনো স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসুক, জনগণ তা চায় না।
ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, বর্তমান সরকার স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে। তাঁর মতে, সংবিধান সংস্কার ও সংবিধান সংশোধনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সংস্কারের মাধ্যমে আনা পরিবর্তনের বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকবে না, কিন্তু সংশোধনের ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি দাবি করেন, নারী ও শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সারা দেশে মাদক ও অস্ত্রের বিস্তার ঘটেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চাপে রয়েছে। এসব সমস্যা নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন, তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত। তবে সেখানে দলের নিজস্ব দাবি নয়, জনগণের দাবিগুলো তুলে ধরবেন।
পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এ খাতে অস্থিরতা ও ষড়যন্ত্র চলছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা করে শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষকে স্থায়ী সমাধান বের করার আহ্বান জানান তিনি। মজুরি বোর্ডের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি শিল্পাঞ্চলে নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানুষের অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্ব দেন জামায়াত আমির। সীমান্তে অবৈধভাবে মানুষকে পুশইনের চেষ্টা জনগণ ও বিজিবির যৌথ উদ্যোগে প্রতিহত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, কোনো দেশের সঙ্গে চুক্তি হলে তা সংসদে প্রকাশ করতে হবে। কারণ এসব চুক্তি শুধু সরকারের বিষয় নয়, দেশের ভবিষ্যতের সঙ্গেও জড়িত। চুক্তির মাধ্যমে কী দেওয়া হচ্ছে এবং কী পাওয়া যাচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করার কথাও জানান তিনি।
এর আগে উদ্বোধনী বক্তব্যে জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, আন্দোলনের পর বাংলাদেশ কোন পথে এগোচ্ছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। তরুণ ও যুবকদের ত্যাগের মধ্য দিয়ে জাতি একটি গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে।
অধিবেশনে জামায়াতের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।