কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ১২ ডিসেম্বর নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। আয়োজনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নাইম ভূঁইয়া।
আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় ছাত্রশক্তির সভাপতি মো. আবু বাকের মজুমদারের।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরী এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফ।
এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা মহানগর এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নাইম ভূঁইয়া বলেন, জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। এ আয়োজনে নতুন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শাখাটির আহ্বায়ক নিলয় বড়ুয়া জানান, নবীন শিক্ষার্থীদের আপ্যায়নের পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ধারণ, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।