শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

>> মায়ের মৃত্যুতে কাবিলার কান্না, আবেগাপ্লুত দর্শক

>> আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির

>> শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

>> চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

>> গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

>> শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু

>> আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান


২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৫৯



শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান


শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও তাঁর ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকেও জনগণের মন থেকে প্রত্যাখ্যাত হতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ।

জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর সামনে রেখে শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন। তবে তাঁর দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে কী ঘটেছে এবং কী ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে জুলাইয়ের স্মৃতি সজীব রাখতে চায় জাদুঘর কর্তৃপক্ষ। শেখ হাসিনা ও তাঁর দলকে জনগণ যেন প্রত্যাখ্যান করে, সেটিই তাঁদের প্রত্যাশা।

শহীদদের স্মৃতি ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, সব স্মারক একসঙ্গে প্রদর্শনের মতো পর্যাপ্ত জায়গা জাদুঘরে নেই। তাই পর্যায়ক্রমে স্মারক প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য সর্বোচ্চ দুটি কক্ষ ব্যবহারের চেষ্টা চলছে। ১৫ দিন বা এক মাস পরপর স্মারক পরিবর্তন করে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।

৫৯০ শহীদের স্মৃতিস্মারক প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্যোগে শনিবার ও রোববার দুই দিনব্যাপী বিশেষ এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৫৯০ জনেরও বেশি মানুষের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিচিহ্ন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

প্রদর্শনীতে এসে শহীদদের স্বজনদের কেউ প্রিয়জনের স্মৃতিচিহ্ন দেখে আবেগাপ্লুত হয়েছেন। আবার কেউ প্রত্যাশিত স্মারক খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শহীদ ইব্রাহিম খলিলুল্লাহর মা সখিনা বিবি যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকা থেকে প্রদর্শনীতে আসেন। তাঁর ছেলে ১৯ জুলাই শহীদ হন। ছেলের ব্যবহৃত টুপি, বই, খেলার সামগ্রী, মাছ ধরার বড়শি ও বিছানার চাদরসহ বিভিন্ন জিনিস জাদুঘরে জমা দিয়েছিলেন তিনি। তবে প্রদর্শনীতে এসে ছেলের একটি ডায়েরি ছাড়া অন্য স্মারক খুঁজে পাননি বলে জানান।

সখিনা বিবি বলেন, অন্যদের স্মারক থাকলেও তাঁর ছেলের ছবি ও ডায়েরি ছাড়া তেমন কিছু প্রদর্শনীতে দেখতে পাননি।

স্মারক প্রদর্শনের জায়গার সীমাবদ্ধতা প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শহীদদের পরিবারের কষ্ট ও আবেগের বিষয়টি রাষ্ট্র উপলব্ধি করে। প্রত্যেক পরিবার স্বজন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছে। রাষ্ট্র সব শহীদকে সমানভাবে মূল্যায়ন করতে চায়। তবে জায়গার অভাবে সব স্মারক একসঙ্গে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না।

মন্ত্রী আরও জানান, শহীদদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহের চেষ্টা চলছে। এ জন্য জাদুঘরে সর্বোচ্চ দুটি কক্ষ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, শহীদদের আত্মত্যাগ ও স্মৃতি সংরক্ষণ করে মানুষের সামনে তুলে ধরতেই এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্মারক সংগ্রহের জন্য জাদুঘর কর্তৃপক্ষ উন্মুক্ত আহ্বান জানিয়েছে। এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মারক সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, জাদুঘরের গ্যালারিতে বর্তমানে ২০৫ জন শহীদের স্মারক প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া শহীদদের ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০টি স্মারক সংরক্ষণে রয়েছে। জায়গার সীমাবদ্ধতার কারণে সব স্মারক একসঙ্গে প্রদর্শন করা যাচ্ছে না। তাই দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে সব শহীদের স্মারক প্রদর্শনের উদ্যোগ অব্যাহত থাকবে।