সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের হাসান মোল্লার ছেলে সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাকিব শেখ (১৮), মুলিবাড়ি গ্রামের বুদ্দু শেখের ছেলে নাজমুল আকন্দ (১৯) এবং একই গ্রামের শাহ জামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় স্থানীয়দের সহায়তায় ছয়জনকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।