কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে থেকে বিভিন্ন কর্মকাণ্ডের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের বড় তৎপরতা চালানোর সক্ষমতা দলটির নেই বলেও দাবি করেন তিনি।
সোমবার দুপুরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে অবস্থান করে মাঝে মাঝে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। তবে ৫ আগস্ট ঘিরে তাদের কোনো কার্যক্রম পরিচালনার সক্ষমতা নেই।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুলিশ তাদের নিয়মিত দায়িত্ব পালন করবে। এ উপলক্ষে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুবাইয়ে জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি দুবাই ছাড়তে পারবেন না। তার জামিন বাতিলের বিষয়ে বাংলাদেশ সরকার আইনি পদক্ষেপ নিতে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে বলেও জানান তিনি।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তু নিয়ে মন্ত্রী বলেন, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।