রাজধানীর ধানমন্ডিতে আনাম র্যাংস প্লাজার একটি জুয়েলার্সে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। রাতের খাবারে মোরগ পোলাও খাওয়ার পর নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ সুযোগে পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হীরার অলংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংস প্লাজায় এ ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুট হয়েছে। পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরচক্র।
ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজন এবং মার্কেটের দুজন নিরাপত্তাকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁদের সম্পৃক্ততার সন্দেহে পুলিশ ইতোমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, চুরির আগে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাঁদের অচেতন করা হয়েছিল।
সঞ্জীব শীলের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা যায়। ভেতরে ঢোকার পর দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ শপিংমলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কৌশলে দোকানে চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় চুরির চেষ্টা ব্যর্থ হয়।