ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
সড়ক অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। শুরুতে শিবু মার্কেট এলাকায় অবরোধ করলেও পরে মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে অগ্রসর হন তারা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার প্রায় ২০টি ছোট-বড় পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে যোগ দেন। এতে পুরো লিংক রোডে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
এদিকে ভুইগড় এলাকার এসবি গার্মেন্টসের শ্রমিকদেরও আন্দোলনে যুক্ত করার চেষ্টা করেন বিক্ষোভকারীদের একটি অংশ। কারখানা কর্তৃপক্ষ এতে আপত্তি জানালে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কারখানার জানালার কাচ ভেঙে যায়। পরিস্থিতি বিবেচনায় পরে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।
অবরোধ চলাকালে কোনো যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের উত্তেজনাকর আচরণের ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে দুপুর আড়াইটার দিকে ভুইগড় মোড়ে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে ভারী বৃষ্টি শুরু হলে দুই পক্ষই সড়ক থেকে সরে যায়।
বৃষ্টি থামার পর বিকেল ৩টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ সম্পূর্ণ উঠে যায়। এরপর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বিকেল ৩টার পর থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে সড়কের যানজট পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।