রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ গবেষক জারিফ

>> জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ

>> কক্সবাজারে সংরক্ষিত বনের ভেতর ১৮ ফুট সড়ক নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে বন ও জীববৈচিত্র্য

>> কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ও রয়েছেন

>> সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ, তদন্ত ও গ্রেপ্তারের দাবি এবি পার্টির

>> যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় ও বৃষ্টি, নিহত ১; বিদ্যুৎহীন হাজারো মানুষ, বাতিল বহু ফ্লাইট

>> শাবিপ্রবিতে ছাত্রলীগের নামে হল কমিটির বিজ্ঞপ্তি, রাতে ছাত্রদলের বিক্ষোভ

>> এআই দিয়ে কর্মকর্তাদের কণ্ঠ নকল করে ইতালির ব্যাংক থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো জালিয়াতি

>> উখিয়ার আশ্রয়শিবিরে দুই অটোরিকশার সংঘর্ষ, রোহিঙ্গা যুবক নিহত

>> গুলিস্তানে জাসদের কার্যালয়ে পুলিশের অভিযান, আটক অনেকে

আপনি পড়ছেন : বিশ্ব

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় ও বৃষ্টি, নিহত ১; বিদ্যুৎহীন হাজারো মানুষ, বাতিল বহু ফ্লাইট


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৮



যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় ও বৃষ্টি, নিহত ১; বিদ্যুৎহীন হাজারো মানুষ, বাতিল বহু ফ্লাইট


যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এর প্রভাবে শনিবার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং কয়েকটি শহরে যান ও বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ঝড়ের মধ্যে গাছ উপড়ে পড়ে নিউইয়র্কের ব্রুকলিনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ঝড়টির প্রভাবে রয়েছে। সম্ভাব্য বন্যা, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার বিকেলে উত্তর-মধ্য আটলান্টিক ও দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলের কাছাকাছি ঝড়টি অবস্থান করছিল। ওই সময় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। পূর্বাভাস অনুযায়ী, রাতের দিকে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল এবং রোববার সকালে এর প্রভাব আরও বাড়তে পারে।

পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার হওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে মধ্য আটলান্টিক উপকূলের কয়েকটি এলাকায় বড় ধরনের জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের উপকূলীয় এলাকায় শক্তিশালী ঝড়ের প্রভাব পড়েছে। তিনি বাসিন্দাদের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পানির কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ব্রুকলিনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির ওপর ঝড়ের সময় একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিও খারাপ হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন বলে বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডের কিছু এলাকায় প্রায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় এলাকায় কয়েক মিটার উঁচু ঢেউ আঘাত হানার আশঙ্কাও রয়েছে।

নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, প্রবল বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। শনিবার সকালে কয়েক শ ফ্লাইট বাতিল করা হয়। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হওয়ার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কথাও জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।

জেটব্লু, ইউনাইটেড এয়ারলাইনস ও আমেরিকান এয়ারলাইনসসহ কয়েকটি বড় বিমান সংস্থা যাত্রীদের ভ্রমণ সতর্কতা দিয়েছে। পরিস্থিতির কারণে নির্দিষ্ট শর্তে অতিরিক্ত ফি ছাড়াই যাত্রীদের ফ্লাইট পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বিভিন্ন দেশের নেতারা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ঝড়ো আবহাওয়ার কারণে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে স্থাপন করা সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য সংবাদমাধ্যমগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।