রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চুরির উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ধরা পড়ার আশঙ্কায় হত্যাকাণ্ড ঘটানো হয় বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে ছাদে গণপতি চক্রবর্তী দুই আসামিকে দেখে ফেললে তাকে হত্যা করা হয়। পরে একে একে প্রাণ হারান তার স্ত্রী, মেয়ে ও ১২ বছর বয়সী ছেলে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।
পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণও তাদের জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে—এমন তথ্য এলাকায় প্রচলিত ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী নিয়মিত স্বর্ণালংকার ব্যবহার করতেন। এসব তথ্যের ভিত্তিতে বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ।
তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ার পর তার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরির চেষ্টা করতে গিয়েও দুজন ধরা পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তদন্ত অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অবস্থান নেন। সেখানে ইয়াবা সেবনের পর ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী ওপরে গেলে তিনি তাদের দেখতে পান। এরপর তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।
গণপতির মৃত্যুর পর শব্দ শুনে ছাদে আসেন তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদেরও হত্যা করা হয়। পরে বাড়ির ভেতরে ১২ বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকেও হত্যা করেন আসামিরা। এ সময় ধস্তাধস্তি হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো জায়গা অনুযায়ী স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ডিএনএ পরীক্ষার বিষয়ে উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএ পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থের পরিমাণ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকার আলোচনা ছিল। তবে তদন্তে জানা গেছে, অবসরকালীন প্রাপ্ত অর্থের পরিমাণ ছিল প্রায় ২০ লাখ টাকা। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগপত্র নিয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি ও অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর বিচার শুরু হবে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী এবং ১২ বছর বয়সী ছেলে আয়ুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় গোপীনাথ চক্রবর্তী হত্যা মামলা করেন। শুরুতে কোতোয়ালি থানা মামলাটি তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে।