মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিলেট বিআরটিএতে ৩ হাজার ৭০০ টাকার বিনিময়ে গাড়ির ফিটনেস নবায়নের অভিযোগ

>> জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ: চিফ প্রসিকিউটর

>> ‘শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েও বিভ্রান্তিতে ছিলাম’: জুলকারনাইন সায়ের

>> মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত উপজেলায় যুক্ত করার প্রতিবাদে রেলপথ অবরোধ

>> শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা ‘ব্লাফ’: শফিকুল আলম

>> ‘আসো, খাঁচা আর দড়ি প্রস্তুত আছে’: শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ মাহমুদ

>> হাসিনার জন্য রাষ্ট্রীয় বিমান চাওয়ার দাবি উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

>> নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ

আপনি পড়ছেন : আইন-আদালত

জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ: চিফ প্রসিকিউটর


Sifat Islam Sohag ২৪ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৩৫



জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ: চিফ প্রসিকিউটর


সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। মামলার সাক্ষীদের বর্ণনায় নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত হতে পারে বলেও দাবি করা হয়েছে। গুম, গোপন বন্দিশালা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে কোনো মামলায় এটাই প্রথম যুক্তিতর্ক উপস্থাপন। একই ব্যক্তির বিরুদ্ধে এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের অভিযোগও আগে দেখা যায়নি। তাঁর ভাষায়, একজন ব্যক্তির বিরুদ্ধে এত হত্যাকাণ্ডের অভিযোগ এবং গুমের ঘটনায় বিচারপ্রক্রিয়া দেশের বিচারিক ইতিহাসে নজিরবিহীন।

মামলায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ কয়েকজন সামরিক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর। তাঁদের মধ্যে কেউ কেউ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং পরে ভেতরের তথ্য প্রকাশ করেছেন। এ কারণে তাঁদের আসামি না করে সাক্ষী করা হয়েছে বলে জানান তিনি। আমিনুল ইসলামের ভাষ্য, আইন অনুযায়ী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সাক্ষী করার সুযোগ রয়েছে।

রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর মতে, এমন দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ পদ-পদবি ব্যবহার করে এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পান।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অভিযুক্ত জিয়াউল আহসান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং তাঁর বিরুদ্ধে সাবেক সেনাপ্রধানসহ বাহিনীর কয়েকজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তবে কয়েকজনের অপরাধের কারণে পুরো সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখা জরুরি। অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত ও বিচার দুর্নীতি দমন কমিশন আলাদাভাবে করছে বলেও জানান তিনি।

যুক্তিতর্কে বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের নজির তুলে ধরা হচ্ছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মামলার শুরুতে ভূমিকা রাখার জন্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে তদন্তের সময় গুম ও হত্যার তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা তুলে ধরেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়ার পর তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে এসব ঘটনার তথ্য বের করা তদন্তকারীদের জন্য কঠিন ছিল।

তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ভেতরের সাক্ষী খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং র‍্যাবে কর্মরত সাবেক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেনাবাহিনীর অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েক দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাজুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের পঞ্চম দিনের দিকে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনার বিষয়ে মুখ খুলতে শুরু করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এভাবে প্রাথমিক সূত্র ধরে গুম ও হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়।

চটদোয়ানি অভিযান প্রসঙ্গে তিনি জানান, একজন অবসরপ্রাপ্ত র‍্যাব কর্মকর্তার দেওয়া তথ্যের সূত্র ধরে সেখানে কয়েকশ মানুষকে হত্যার ঘটনার তথ্য পাওয়া গেছে।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের অনিশ্চয়তা ও দুর্ভোগের কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, অনেক স্বজন এখনো জানেন না তাঁদের পরিবারের সদস্যের মৃত্যু কবে হয়েছে কিংবা কোথায় তাঁকে দাফন করা হয়েছে। এসব পরিবারের অপেক্ষা ও কষ্টের অবসানে সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান প্রসিকিউশন টিমকে সহযোগিতার আশ্বাস দিয়ে সাবেক এই চিফ প্রসিকিউটর বলেন, তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে বিচারপ্রক্রিয়ায় সহায়তা করতে চান। তাঁর প্রত্যাশা, দেশে যেন আর কখনো গুমের ঘটনা ফিরে না আসে।