কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনা ও প্রচলিত আইনের বিধান অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দেওয়া হবে। এরপর আদালত আইন অনুযায়ী বিচার পরিচালনা করবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত শাসকেরা রাজনীতিতে ফিরে আসতে পারেননি। তাঁর মতে, বাংলাদেশেও পতিত ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার সুযোগ নেই।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে। গণহত্যা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহত ব্যক্তিদের ত্যাগের বিনিময়ে দেশের মানুষ পতিত শক্তিকে বিতাড়িত করেছে। এখনো অনেকে আহত, পঙ্গুত্বের শিকার কিংবা দৃষ্টিশক্তি হারিয়ে জীবনযাপন করছেন। তাঁদের ত্যাগের মধ্যেই গণ-অভ্যুত্থানের বেদনা ও অর্জন নিহিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে পতিত শক্তির গ্রহণযোগ্যতা নেই। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান আরও সংকটে ফেলেছে। এ ছাড়া কেউ কেউ তাদের ফাঁদে পড়ে বিভ্রান্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সরকার রক্তপাত চায়নি
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক আচরণ ও ধৈর্য ধারণের কারণে বিএনপি সরকার দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। সরকার কোনো রক্তপাত চায়নি বলেও উল্লেখ করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড মোকাবিলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার গণতান্ত্রিক আচরণে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কথা বিএনপির
আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের চর্চা ছিল না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, স্বাধীনতার পর থেকেই দলটির মধ্যে একনায়কতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখা গেছে। একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেও সেই প্রচেষ্টা অব্যাহত ছিল বলে মন্তব্য করেন তিনি। জনগণের দীর্ঘ আন্দোলনে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপির নেতৃত্বে দেশে বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করে তিনি বলেন, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে একবার বেগম খালেদা জিয়া এবং আরেকবার তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মুক্ত হয়েছিল।
তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে বিএনপি গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক চর্চার অঙ্গীকার করেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী শক্তির উত্থান বা পুনরুত্থান না ঘটে, সে বিষয়ে বিএনপি ও দেশের জনগণের অঙ্গীকার রয়েছে।
বিজয়ের মাসজুড়ে কর্মসূচি
আগামী বিজয়ের মাসের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১ ডিসেম্বর গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর বিভিন্ন আয়োজনের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এসব কর্মসূচিতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী অংশ নেবেন এবং নেতা-কর্মীদের অনুপ্রাণিত করবেন বলেও জানান সালাহউদ্দিন আহমদ।