রাজধানীর জিগাতলায় ছাত্রলীগের এক নেতাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে একটি বাসা থেকে ওই যুবককে বের করে আনার পর তাঁর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, আটক যুবককে উদ্দেশ করে নয়ন বলেন, ‘ঢাকায় গেলে নয়নের জালে ধরা খেতে হবে, তোমাদের আপা আর আসবেন না।’ এ সময় তিনি শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করেন। পরে ওই যুবককে একটি কলা খাইয়ে পুলিশের হাতে তুলে দেন তিনি।
ভিডিওতে নয়ন দাবি করেন, আটক যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর ছোট ভাইও একই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং তাঁদের বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে আটক যুবক নিজেকে শুধু একজন ছাত্র হিসেবে পরিচয় দেন।
নয়ন আরও বলেন, ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কার্যক্রম সম্পর্কে তাঁদের কাছে তথ্য রয়েছে। রাজধানীতে এসে কেউ নাশকতার চেষ্টা করলে তাঁকে শনাক্ত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওর একপর্যায়ে আটক যুবকের ছোট ভাইয়ের আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার একটি ভিডিও দেখানো হয়। পরে তাঁকে কলা খাওয়ানোর সময় নয়ন বলেন, তাঁকে মারধর করা হচ্ছে—এমন অভিযোগের বিপরীতে তিনি ভালোবেসে খাবার দিচ্ছেন। উপস্থিত কয়েকজনের উত্তেজিত মন্তব্যের জবাবে নয়ন কাউকে মারধর না করার আহ্বান জানান।
এরপর পুলিশ ওই যুবককে নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের স্লোগান দিতে দেখা যায়।
এর আগে রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের আটক করে খাবার খাইয়ে পুলিশের কাছে হস্তান্তরের কয়েকটি ভিডিও নয়নের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। এসব ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলেছিলেন যুবদল নেতা নয়ন।
এদিকে, এর আগে আওয়ামী লীগপন্থী এক আইনজীবী রায়হান রনিকে মারধরের অভিযোগও উঠেছিল নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। ওই আইনজীবীর দাবি, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্দেহে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এতে তিনি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।