নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাড়ির বারান্দার একটি কক্ষের কিছু মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
ফাহিম রহমান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক। তিনি দলটির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিবও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের সঙ্গে প্রতিবেশীরাও যোগ দেন। সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সময় ফাহিম ঢাকায় অবস্থান করছিলেন। তিনি জানান, আগুন লাগার সময় তাঁর মা, ছোট ভাই নাফিউর রহমান খান পাঠান এবং ভাতিজাসহ পরিবারের কয়েকজন সদস্য বাড়িতে ছিলেন। পোড়া গন্ধ পেয়ে নাফিউর বাইরে এসে বারান্দার কক্ষে আগুন দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পানি দিয়ে আগুন নেভান।
ফাহিমের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনার পেছনে থাকতে পারেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।