আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর এ প্রত্যাশার বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না। তাঁকে ফিরিয়ে আনা হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে আনতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, কারও প্রত্যাশা থাকতেই পারে, তবে প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে। তাঁর ভাষ্য, প্রত্যর্পণ ছাড়া কাউকে দেশে ফিরতে দেওয়া হবে না। কেউ হয়তো হেঁটে কিংবা বিমানে দেশে ফেরার স্বপ্ন দেখছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে দেশে ফিরিয়ে আনা হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যেই আনতে হবে।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থাও চেয়েছেন তিনি।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।