মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিমানে নয়, প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আ. লীগকে চিরতরে নিষ্ক্রিয় করতে পারলেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

>> আ. লীগের কর্মকাণ্ডে ভারতের ইন্ধনের অভিযোগ হাসনাতের

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি; ৩২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

>> বেনাপোলে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত, প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

>> সিলেট বিআরটিএতে ৩ হাজার ৭০০ টাকার বিনিময়ে গাড়ির ফিটনেস নবায়নের অভিযোগ

>> জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ: চিফ প্রসিকিউটর

>> ‘শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েও বিভ্রান্তিতে ছিলাম’: জুলকারনাইন সায়ের

>> মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত উপজেলায় যুক্ত করার প্রতিবাদে রেলপথ অবরোধ

>> শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা ‘ব্লাফ’: শফিকুল আলম

আপনি পড়ছেন : রাজনীতি

আ. লীগকে চিরতরে নিষ্ক্রিয় করতে পারলেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক


Sifat Islam Sohag ২৪ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৫৩



আ. লীগকে চিরতরে নিষ্ক্রিয় করতে পারলেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক


আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, পলাতক শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীকে আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল। তিনি আশা করেছিলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণ ভোটাধিকার ফিরে পাবে এবং বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে। তবে তাঁর ভাষ্য, রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিরা বুঝতে পেরেছিলেন, একপর্যায়ে ওই গোষ্ঠীকে আবারও মোকাবিলা করতে হবে।

তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন এবং নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন।

গোপালগঞ্জে হাসপাতালে হামলার প্রসঙ্গ তুলে ইশরাক বলেন, যুদ্ধাবস্থায় থাকা দেশগুলোতেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা চালানো গ্রহণযোগ্য নয়। জেনেভা কনভেনশন অনুযায়ী এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল বলে তিনি মন্তব্য করেন। তাঁর অভিযোগ, গোপালগঞ্জে স্লোগান দিতে দিতে একদল ব্যক্তি আগুন হাতে হাসপাতালে হামলা চালায়, যেখানে নিরীহ রোগীরা চিকিৎসাধীন ছিলেন।

আগামী ডিসেম্বরজুড়ে রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তিনি বলেন, পুরো মাস তাঁরা বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন।

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক সম্পত্তি নয় উল্লেখ করে ইশরাক বলেন, এটি বাংলাদেশের সব মানুষের অর্জন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এর মর্যাদা ক্ষুণ্ন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ভূমিকা রাখবেন তাঁরা।

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস পালন এবং মাসজুড়ে রাজপথে থাকার কথাও জানান ইশরাক। তাঁর বক্তব্য, দেশের কোথাও বোমা হামলা, অগ্নিসংযোগ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে জড়িতদের প্রতিহত করে আইনের আওতায় আনা হবে।

মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।