বর্তমান সরকারের অব্যবস্থাপনা ও অযোগ্যতার কারণে অনেকে একে ‘লন্ডনিগো সরকার’ বলে সমালোচনা করছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এর আগে অদক্ষতা ও অনভিজ্ঞতার কারণে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অনেকে ব্যঙ্গ করে ‘এনজিওগ্রাম সরকার’ বলতেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টি আয়োজিত ‘বছর পেরিয়ে জুলাই সনদ: গণঅভ্যুত্থানের তরুণ অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান সংবিধান ও প্রতিশ্রুতি ভঙ্গকারী রাজনৈতিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়। তাই নতুন করে রাষ্ট্র মেরামতের সনদ তৈরি করতে হবে। সেই সনদে চার কোটি মানুষের স্বাক্ষর নেওয়ার উদ্যোগ প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জনগণকেই প্রকৃত অংশীজন হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সব সমস্যার সমাধান হয়নি, এমনকি নির্বাচনেও তা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। মঞ্জু বলেন, একজন সৈনিককে একটি যুদ্ধের পর আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। আমাদেরও সেভাবে প্রস্তুতি নিতে হবে। সংকট আরও ঘনীভূত হচ্ছে এবং সীমান্তের ওপার থেকে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করছে।
সভায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও তরুণদের রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রেখে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা। অন্যথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, দৈনিক ওয়াদা’র সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের নেতা সাগর উদ্দিন, পুসাবের সংগঠক তালহা বিন আমীন, জুলাই ঐক্যের নেতা রিয়াদুস ইসলাম জুবা, জুলাই যোদ্ধা লাবিব, স্বাধীনতা সার্বভৌমত্বের সংগঠক সাইয়েদ আহমেদ সরকার, শহীদ সোহেল রানার ভাই আলভী নাবিল, জুলাই রেভ্যুলেশন ওয়াচের সংগঠক সানজিদ হাসান তানভীর, বৈষম্যবিরোধী কওমির সদস্যসচিব মাসুদুর রহমান জুনায়েদ, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সংগঠক ইফতেখার মাহমুদ, জুলাই সংগঠক নেছার উদ্দিন, শহীদ রাকিবের ভাই আমিন উদ্দিন, মঞ্চ ২৪-এর সংগঠক ইশরাত করিম অর্পিতা, দ্য রেড জুলাইয়ের সংগঠক রাসেল মাহমুদ এবং মুস্তাইন বিল্লাহ হাবীবি।
সভায় স্বাগত বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।