শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

আপনি পড়ছেন : রাজনীতি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ, তদন্ত ও গ্রেপ্তারের দাবি এবি পার্টির


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪৭



সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ, তদন্ত ও গ্রেপ্তারের দাবি এবি পার্টির


কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

রোববার এক যৌথ বিবৃতিতে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এ দাবি জানান।

সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে তাঁর স্টুডিওতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।

এবি পার্টির নেতারা বলেন, ঘটনাটিকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখলে এর সঙ্গে জড়িত বৃহত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আড়ালে থেকে যেতে পারে। তাঁদের মতে, রাজধানীর মতো এলাকায় প্রকাশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠা নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করে।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, জুলাইয়ের গণআন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল ভয়ভীতি, চাঁদাবাজি, দখলদারি ও রাজনৈতিক সহিংসতার অবসান। সেই প্রেক্ষাপটে নতুন কোনো পরিচয়ে একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

এবি পার্টির নেতারা সালমান মুক্তাদিরের করা অভিযোগ আমলে নিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে হামলার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিস্তারিত বক্তব্য এবং অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।