বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ভারত প্রশ্নে বাংলাদেশের কৌশল কী হতে পারে?

>> মার্কিন মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির

>> জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা

>> ফারজানা রুপার সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের

>> ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা, চিকিৎসক সংকটে ব্যাহত কচুয়ার স্বাস্থ্যসেবা

>> উচ্চশিক্ষার নতুন গন্তব্য হয়ে উঠছে সিলেট

>> মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ১০ মিনিটে থামবে খেলা

>> দুই হাত তুলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল রতনের

>> ভাড়া বাড়ানোর দাবিতে চট্টগ্রামে ৩ নম্বর রুটের মিনিবাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

>> গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব সভাপতি

আপনি পড়ছেন : শরীয়তপুর

দুই হাত তুলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল রতনের


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৮



দুই হাত তুলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল রতনের


শরীয়তপুরে সড়ক পার হওয়ার সময় যানবাহন থামাতে দুই হাত তুলে ইশারা করছিলেন রতন পোদ্দার। কয়েকটি যানবাহন থামলেও একটি মিনিবাস না থেমে তাঁকে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যার পর শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটি ১৭ সেকেন্ডের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহত রতন পোদ্দার শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। বাড়ির সামনে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর মা যুগল বালা পোদ্দার ছিলেন বীর মুক্তিযোদ্ধা।

স্থানীয় সূত্র ও পালং মডেল থানা পুলিশ জানায়, ব্যক্তিগত কাজে বুধবার সন্ধ্যায় ধানুকা এলাকায় গিয়েছিলেন রতন। পরে সড়ক পার হওয়ার সময় দুই হাত উঁচু করে যানবাহন থামানোর চেষ্টা করেন। কয়েকটি গাড়ি থামলেও শরীয়তপুর আন্তজেলা বাস মালিক সমিতির একটি মিনিবাস তাঁকে ধাক্কা দেয়।

ধাক্কায় রতন ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় রতনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে রাত ৯টার দিকে রাজধানীতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটির পিছু নিয়ে চালকসহ সংশ্লিষ্টদের আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রতনের প্রতিবেশী শ্যামল সাহা জানান, প্রায় এক মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রতনের স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। রতন ও তাঁর স্ত্রীর দুই সন্তান রয়েছে।