ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভাদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান কালীগঞ্জ উপজেলার হুদানাইড়ি পাড়া গ্রামের ক্বারি গোলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর ও জামাতার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে যান গোলাম রহমান। রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে ঘরে থাকা একটি কুড়াল দিয়ে ঘুমন্ত গোলাম রহমানকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ ওঠে তরিকুল ইসলামের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা পুলিশকে খবর দেন এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে রাখেন।
স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী এনামুল জানান, ভোরে গ্রামের চায়ের দোকানে কয়েকজন বসে ছিলেন। এ সময় চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তরিকুল ইসলামকে রক্তমাখা কুড়াল হাতে বাড়ির উঠানে হাঁটাচলা করতে দেখেন। পরে স্থানীয়রা কৌশলে তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
তরিকুল ইসলামের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করেছেন ওই প্রতিবেশী। তবে এ বিষয়ে চিকিৎসাসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকেও থানায় নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।